শিরোনাম

চল যাই “আজব” খাবারের দেশে

স্টিকে পোড়া বিছে ভাজা 
ধরুন আপনি খেতে বসেছেন আর এক এক করে খাবার আসছে আপনার টেবিলে। প্রথমেই ব্যঙাচির টক ঝাল সুপ, তারপর ভাতের সাথে ঝিঁঝিঁ পোকা আর গঙ্গা ফড়িং মুচমুচে ফ্রাই, ফিশ সস দিয়ে তৈরি কাঁচা প্রনের ঝোল সাথে বেশ ঝাল ঝাল করে গ্রিল করা মহিষের জিভ এবং অবশেষে লাল পিঁপড়ের আর পিঁপড়ের ডিমের চাটনি।ভাবছেন,আমার মাথা খারাপ হয়ে গেছে আর আজেবাজে বকছি। একদমেই না। এটা সম্পূর্ণ বাস্তব। তবে এই সব খেতে হলে, যেতে হবে থাইল্যান্ড!

পোকা বাজার  
থাই ফুড মানেই কিন্তু সবসময় জিভে জল আনা আবেদনকারী মোহময় খাবার নয়, যার ট্যংগী স্বাদ আরোমা আপনাকে পাগল করে দেবে। থাইল্যান্ডে,ঝিঁঝিঁ পোকা, বৃশ্চিক, গঙ্গাফড়িং আরও নাম না জানা কত পোকার খাবার দেখা যায়, বিশেষ করে উত্তর দক্ষিণ থাইল্যান্ডে। আজ এইরকম কিছু খাবারের হদিস দেব আপনাদের।

চটপট কড়াইতে ভেজে নিন ব্যঙাচি 
**ছোট প্রাণীটি লেজটি নাড়তে নাড়তে জল থেকে সোজা সুপের বাটিতে,আরে না না আমি ফিশ সুপের কথা বলছি না, এটা ব্যঙাচির সুপ। হ্যাঁ, ব্যঙাচিরও সুপ হয়। উত্তর থাইল্যান্ডে, বিশেষ করে বর্ষা কালে ব্যঙাচির সুপ খুবই প্রসিদ্ধ। নানা রকম থাই সস দিয়ে তৈরি এই ট্যংগী ফ্লেভারের সুপের সাথে স্টিকী রাইস খুব জনপ্রিয়।
লাল পিঁপড়ের ডিমের চড়চড়ি 
**ডাল লতা পাতা থেকে গুটি গুটি পায়ে সে হাজির সবজীর স্বাদ বাড়াতে, লাল পিঁপড়ে তার ডিম স্থানীয় নাম, লারব মতে ডানং। সবজীর স্বাদ বাড়াতে লাল পিঁপড়ের নাকি এর জুড়ি মেলা ভার।
মশলা ফড়িং লেবুর সাথে
**হামাগুড়ি, কি লম্বা লম্বা লাফ ঝাঁপ অথবা উড়তে উড়তে সোজা ঝাঁপ গরম কড়াইয়ে।হ্যাঁ, আবার একদম ঠিক ধরেছেন, আমি ফড়িং, গুটি পোকা, বৃশ্চিক এদের কথাই বলছি। মুচমুচে পোকা ভাঁজা আর তার সাথে সস আর গোলমরিচ দিয়ে নাকি দারুণ খেতে।ব্যাংককের কিছু অলি গলিতেও এর দেখা পাওয়া যায়।
ডোনাল ডাকের ঠোঁট কাবাব

**প্যাঁক প্যাঁক করতে করতে সে হাজির খাবার টেবিলে। একদম ঠিক, হাঁসের কথাই বলছে। ভাবছেন, হাঁসের মাংস বা ডিম তো খুবই সাধারণ ব্যাপার।কিন্তু যদি হয়ে হাঁসের ঠোঁটের কারী ? এর স্থানীয় নাম বাক বিপেট। কি ভাবছেন ? ডোনাল ডাকের যে ঠোঁটটা চুমু খাওয়ার মতো, সেটা কটকট করে চিবিয়ে খেতে কেমন হবে ?
হাউ-মাউ-খাউ-মাংসের গন্ধ পাউ

**বীফ বা গরুর মাংস অনেকেরই প্রিয়, কিন্তু সেটা যদি হয় কাঁচা? মিন্ট স্বাদের গরুর মাংসের স্যালাড থাইল্যান্ডের একাংশে বেশ জনপ্রিয়। সেটা আরও সুস্বাদু করতে মেশানো হয় গরুর কাঁচা রক্ত।এই খাবার টা নাকি আবার পৌরুষের প্রতীক
মুখ সুদ্দি
আরও এইরকম অনেক আজব খাবারের সন্ধান পাওয়া যায় থাইল্যান্ডে। মহিষের জিভ, চামড়া, মুরগীর পায়ের আঙ্গুল, পচা ডিম আরও নাম না জানা কত কি। তবে ভয় পেয়ে আবার থাই খাবার খাওয়া ছেড়ে দেবেন না যেন। এইসব আজব খাবার খুব সাধারণ থাই ফুডের মধ্যে পরে না। সারা পৃথিবীর সুস্বাদু খাবারগুলির মধ্যে অবশ্যই থাই খাবার নিজের স্থান করে নিয়েছে। শুধু থাই রেস্তোরাতে খাবার অর্ডার করার আগে মেনু কার্ডে রান্নার উপকরণে একবার ভাল করে চোখটা বুলিয়ে নিলেই ব্যস নিশ্চিন্ত।  
**********
ছবি ও লেখাঃ তানিয়া চ্যাটার্জি
[লেখক পরিচিতি: পরিবেশ নিয়ে মাস্টার্স। বেশ কিছু বছর সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যুক্ত ছিলেন। বর্তমানে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত। নিজেকে তিনি সখের ফটোগ্রাফার বলেন ও ভ্রমণ হল একমাত্র নেশা]

0 comments: